গার্মেন্টস ও টেক্সটাইল যন্ত্রপাতি প্রদর্শনীর ১১তম আসর শুরু হচ্ছে বুধবার। ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন ২০১৪’ বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রদর্শনী উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ  মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলামীন এ কথা জানান।
তাইওয়ানের চ্যাং চাও ইন্টান্যাশনাল কো ও হংকংয়ের ইয়র্কাস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের সহযোগিতায় বিটিএমএ যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।
বিটিএমএ সভাপতি বলেন, এই মেলা দেশের পোশাক রপ্তানিকারকদের জন্য একটি উৎকৃষ্ট ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পণ্য উৎপাদনকারী, প্রতিনিধি ও ব্যবসায়ীগণ উন্নতমানের মেশিন, মালামাল, যন্ত্রপাতি এবং এর উৎস সম্পর্কে ধারণা পাবেন। এ ছাড়া মেলা থেকে মেশিনারি ক্রয়ও করতে পারবেন।
এ সময় জানানো হয়, প্রদর্শনীতে  বিশ্বের ৩১ টি দেশের ৮৫০ টি কোম্পানির যন্ত্রপাতি উপস্থাপন করা হবে। সম্মেলন কেন্দ্রের ১৫টি হলে ১ হাজার ২০টি নিয়ে তাদের যন্ত্র ও পণ্য প্রদর্শন করা হবে।
চার দিনব্যাপী এ প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]