পুঁজিবাজারে পতনের ধারা অব্যহত। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় বাজারে মূল্যসূচকের ক্রমানতির পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার প্রতিষ্ঠানের দর।
এদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার ৩০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। যা ডিএসইতে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনে লেনদেন শেষ হয়। সূচকের সঙ্গে সারাদিন লেনদেনেও ছিল শ্লথ গতি। দিনশেষে দেখা যায়, ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৪৩ কোটি ৪২ লাখ টাকা। যা ডিএসইতে ১০০ কার্যদিবস বা ৪ মাস ২৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিএসইতে গত বছরের ২৪ অক্টোবর লেনদেন হয়েছিল ২৩০ কোটি ৩১ লাখ টাকা।
এছাড়া অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন কমে গেছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬১৫ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৫৮ পয়েন্টে। এদিন লেনদেন হয় ২৭৭ কোটি ৬৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার ডিএসইতে লেনদেন কমেছে ৩৪ কোটি ২২ লাখ ২১ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংক সমন্বিত হিসেবে বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ ৫০ শতাংশ নির্ধারণের ঘোষণা দেওয়ার পর থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইড লাইনে চলে গেছে। এ কারণকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৯৪ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৯ লাখ টাকা।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]