দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নমুখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমান।

সোমবার দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। লেনদেন হয়েছে মোট ২০৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২৭ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হল লাফার্জ সুরমা, সাইফ পাওয়ার, আলহাজ টেক্সটাইল, অলিম্পিক, অগ্নি সিস্টেমস, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মা, আইসিবি দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১২ হাজার ২৪৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১১৪ পয়েন্টে দাঁড়ায়।

সিএসইতে লেনদেন হয় মোট ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

এএইচ