চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান মোহাম্মাদ আবদুল মজিদ বলেছেন, ‘অর্থ বিলে নতুন করে কয়েকটি ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে। এটা পুঁজিবাজারের জন্য অস্বস্তিকর হতে পারে।’
শনিবার ঢাকার মতিঝিলে সিএসইর কার্যালয়ে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে মোহাম্মাদ আবদুল মজিদ এ মন্তব্য করেন। বাজেট পাসের আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
আবদুল মজিদ বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, যাতে পুঁজিবাজারকে কোনো প্রণোদনা দিলেও নেতিবাচক কোনো উদ্যোগ না নেওয়া হয়।’
সিএসইর চেয়ারম্যান বলেন, ‘বাজেটে কিছু বিষয় পুঁজিবাজারের জন্য ইতিবাচক। আবার অর্থ বিলের কিছু বিষয় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একদিকে বাজেটকে যেমন পুঁজিবাজারবান্ধব বলা যায়, তেমনি কিছু কারণে পুঁজিবাজারবান্ধব না-ও বলা যেতে পারে।’
আবদুল মজিদ বলেন, পুঁজিবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজার জনের ক্ষুদ্র সঞ্চয় এক করে বিরাট শিল্প প্রতিষ্ঠা করা যায়। পুঁজিবাজার সেটি করতে পারে। পুঁজিবাজারে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে আস্থার সংকট সৃষ্টি হয়। এতে সঞ্চয় ও বিনিয়োগে ছন্দপতন ঘটে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]