ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা ও ইসলামী শরিআহ’র সকল বিধিবিধান কঠোরভাবে পরিপালন করা হবে। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য সর্বদা অটুট রাখা হবে।বিষয়টি গ্রাহক, শেয়ারহোল্ডার ও দেশবাসীকে আপনাদের মাধ্যমে পরিস্কারভাবে অবগত রাখতে চাই।
আজ ৮ জানুয়ারি ২০১৭ রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অকুণ্ঠ বিশ্বাস, আস্থা ও ভালবাসার কারণে ইসলামী ব্যাংক সফলতা লাভ করেছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত এই ব্যাংকের অভাবনীয় সাফল্য প্রমাণ করেছে শরী’আহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি প্রচলন করা সম্ভব। দেশে-বিদেশে এই মডেল গত ৩৪ বছর যাবৎ বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক স্থাপনের মাধ্যমে এর বাস্তবতা দৃশ্যমান হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের আমানত গ্রহন, অর্থায়ন সেবা ও বিনিয়োগসহ সকল কার্যক্রম শরীআহ মোতাবেক সুদবিহীন এবং লাভ ক্ষতির ভিত্তিতেই পরিচালিত হবে। নিরাপদ ও কল্যাণমুখী খাতে এ ব্যাংকের বিনিয়োগ আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, এ ব্যাংক শিক্ষা, স্বাস্থ্যসহ আর্ত মানবতা ও দুস্থ জনগোষ্ঠীর সেবায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকদের আমানত সংরক্ষণসহ কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার প্রতি আরও বেশি মনযোগ দেয়া হবে ।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম ও ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলমসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এআই





