জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা এর উদ্যোগে আয়োজিত “টেকসই ও সামগ্রিক শিল্পোন্নয়ন” বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রোববার অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল থেকে ভিয়েনায় দু’দিন ব্যাপী (২৩ ও ২৪ জুন) এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় শিল্পখাতে সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য কৌশল ও পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা হবে। এতে এশিয়া, আরব অঞ্চল, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের খ্যাতনামা বিশেষজ্ঞ ও গবেষক, শিল্প ও সুশীল সমাজের প্রতিনিধি এবং ট্রেডবডির নেতারা অংশ নেবেন।
উল্লেখ্য, শিল্পোন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে ইউনিডো (টঘওউঙ) কাজ করছে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত সংস্থার সাধারণ সভায় সদস্য দেশগুলোর সমর্থনে সকলের অংশগ্রহণে ‘সামগ্রিক ও টেকসই শিল্প উন্নয়ন’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় প্রথমবারের মত ভিয়েনায় এ ফোরাম আয়োজন করা হয়েছে।
২৩ জুন সকালে ইউনিডো’র মহাপরিচালকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সেদিন দুপুরে আয়োজিত “সামগ্রিক ও টেকসই শিল্প উন্নয়নের লক্ষ্যে প্রণীত কৌশল বাস্তবায়নের সর্বোত্তম পদ্ধতি” বিষয়ক প্যানেল আলোচনায় শিল্পমন্ত্রী অংশ নেবেন।
এতে তিনি বাংলাদেশের শিল্পোন্নয়নে বর্তমান সরকার গৃহিত বিভিন্ন উদ্যোগ ও নীতি-কৌশল সম্পর্কে তুলে ধরবেন।
প্যানেল আলোচনায় সৌদি আরব, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ঘানা, সেনেগাল, পেরু, ইথোওপিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা অংশ নেয়ার কর্মসূচি রয়েছে। আন্তর্জাতিক এ ফোরাম থেকে শিল্পোন্নয়নের মাধ্যমে সদস্য দেশগুলোর টেকসই উন্নয়নের উদ্ভুত কর্মকৌশল ও বিভিন্ন দেশের শিল্পোন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা ও সাফল্য বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জন স¤ভব হবে। বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পোন্নয়নের লক্ষ্যে কার্যকর কৌশল ও কর্মসূচি প্রণয়নে এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর





