এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পটি (Second Crop Diversification Project-SCDP) দেশের কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১৩ সালের এডিবি পুরস্কার লাভ করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।
এডিবি’র অর্থায়নে পরিচালিত হচ্ছে এমন ৬৭টি প্রকল্পের মধ্যে ওই প্রকল্পটি শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে বিবেচিত হয়।
প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে ঋণ বিতরণের জন্য এডিবি কর্তৃক বরাদ্দকৃত তহবিলের পরিমান ২৬ মিলিয়ন মার্কিন ডলার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে ১৩ অক্টোবর, ২০১০ সালে স্বাক্ষরিত ঋণ চুক্তির মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের হোলসেল ব্যাংক হিসেবে কাজ করছে ইস্টার্ন ব্যাংক লিঃ ও বেসিক ব্যাংক লিঃ এবং প্রকল্পের একমাত্র অংশগ্রহণকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যাক।
দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৫ টি জেলার ৫৪টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম বিস্তৃত। প্রকল্পের অধীনে কৃষকরা উচ্চ মূল্য ফসল  উৎপাদনের জন্য একক এবং গ্রুপ পর্যায়ে ঋণ সুবিধা পেয়ে থাকে। কৃষক পর্যায়ে সর্বনি¤œ ঋণসীমা ৫ হাজার এবং সর্বোচ্চ ঋণসীমা ০৩(তিন) লক্ষ টাকা। ইতোমধ্যে (০৬ ফেব্রুয়ারী, ২০১৪ পর্যন্ত) উক্ত প্রকল্পের আওতায় প্রায় ১ লক্ষ ৫০ হাজার জন কৃষককে ১২৩ কোটি ২৩ লাখ ২২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আশা করা যাচ্ছে চলতি বছরের মধ্যেই প্রকল্পের সমুদয় অর্থ কৃষক পর্যায়ে বিতরণ করা সম্ভব হবে।
শুরুতে অনেক বাধা-বিপত্তি থাকলেও তা কাটিয়ে উঠে প্রকল্পের কাজ পূর্ণ দমে এগিয়ে চলছে। প্রকল্পটি দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জীবনমান এবং চরম দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক মান উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। দেশের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণেও প্রকল্পটির বিশেষ ভূমিকা রয়েছে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]