দেশের পুঁজিবাজারে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি রবি।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছাড়বে কোম্পানিটি। এরইমধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মালয়েশিয়া স্টক এক্সচেঞ্জে রবি’র মূল মালিক কোম্পানি আজিয়াটা এক ঘোষণায় জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দশ টাকা অভিহিত মূল্যের ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনা সাজিয়েছে তারা, যার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করবে ৫২৩ কোটি টাকা।

আজিয়াটা আশা করছে, বাংলাদেশের পুঁজিবাজারে নিবন্ধিত হওয়ার মধ্য দিয়ে রবি’র ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহের পাশাপাশি কোম্পানির ভাবমূর্তিতেও ইতিবাচক প্রভাব দেখা যাবে। আর দেশ-বিদেশের বিনিয়োগকারীদের পাশাপাশি রবি’র পরিচালক ও কর্মীদের জন্যও কোম্পানির শেয়ার মালিক হওয়ার সুযোগ করে দেবে এই আইপিও।

রবি ইতোমধ্যে তাদের আইপিরও জন্য আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডকে তাদের ইস্যু ম্যানেজারের দায়িত্ব দিয়েছে। চলতি বছরের চতুর্থ প্রান্তিকের (সেপ্টেম্বর-ডিসেম্বর) মধ্যেই আইপিও এবং নিবন্ধনের কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছে আজিয়াটা।

দেশে রবি’র সেবাগ্রহীতার সংখ্যা এখন ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ। মালয়েশিয়ার কোম্পানি আজিয়াটা রবি’র ৬৮.৭ শতাংশ শেয়ারের মালিক।

এমবি