ব্যক্তিশ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো এক মাস বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠানটির সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেননিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী ৩০ সেপ্টেম্বর রিটার্ন জমার শেষ দিন ছিল। কিন্তু বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও অন্যান্য বাণিজ্য সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হল।
এনবিআর সূত্র মতে, আসন্ন ঈদুল আজহা ও পূজার ছুটিসহ নানা কারণে যথাসময়ে চলতি করবর্ষের রিটার্ন জমা দেওয়ার প্রস্তুতি নিতে পারেননি অনেক করদাতা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হন। এসব কারণে করদাতাদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর শুক্র-শনিবার হওয়ায় রিটার্ন জমা নেওয়া হবে না। তাই ২ নভেম্বর রোববার অফিস খোলার দিন জমার সুযোগ রাখা হয়েছে।
ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে বর্তমান আইনে বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা বাদ দিয়ে বছরে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত। এর বেশি আয় হলে প্রযোজ্য হারে বাংলাদেশি যে কোনো নাগরিককে কর পরিশোধ করতে হয়।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যক্তিশ্রেণির রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের পরও রিটার্ন জমা দেওয়া যাবে। তবে তার জন্য উপযুক্ত কারণে দেখিয়ে সংশ্লিষ্ট কর অফিসে সময় বাড়ানোর জন্য আবেদন করতে হয়।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





