‘ঘরে ফেরা কর্মসূচি’ প্রকল্পের তহবিল গঠনের জন্য ২ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। ছিন্নমূল মানুষদের গ্রামে ফিরিয়ে নিতেই এ কর্মসূচির আয়োজন।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স হলে গৃহায়ন তহবিল ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয় । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গৃহায়ন তহবিলের সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম.মাহফুজুর রহমান ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে গভর্নর বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি সম্ভব। বস্তিতে বসবাসরত মানুষের দুর্বিষহ জীবন যাপনের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রাথমিকভাবে এ তহবিলে ২ কোটি টাকা দেওয়া হলেও আগামীতে টাকার পরিমান বাড়ানো হবে। দেশের কোন মানুষ যেন গৃহহীন না থাকে সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান তিনি।

এই তহবিলের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বস্তিতে বসবাসরত দুঃস্থ ও অসহায় মানুষের নিজ এলাকায় আবাসন সুবিধাসহ পুনর্বাসনের জন্য ঘরে ফেরা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর