দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হতে স্বল্পোন্নত দেশগুলোর টেকসই বিনিয়োগ ও শিল্পায়ন অভিযাত্রায় সহায়তা বৃদ্ধির জন্য জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড এর মহাসচিবের প্রতি পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও রপ্তানি বৈচিত্রকরণে আঙ্কটাড কারিগরি ও গবেষণা সহায়তা বাড়াতে পারে।

জেনেভা সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মঙ্গলবার আঙ্কটাড এর মহাসচিব ড. মুখিসা কিটুই এর সাথে বৈঠককালে এ পরামর্শ দেন।

বৈঠকে আঙ্কটাড এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরসহ অন্যান্য বিষয়ে আলোচনায় স্থান পায়।

বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রচুর পরিমাণে বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে বেসরকারি খাতকে উদ্ভাবনী বিনিয়োগে এগিয়ে আসতে হবে। বিদেশি বিনিয়োগ প্রসারে বাংলাদেশ ইতোমধ্যে একটি দক্ষ ও দ্রুত প্রসারমান বেসরকারিখাত প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রতি গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়নে সরকার বিদেশি উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিচ্ছে। বিদেশি উদ্যোক্তাদের সাথে বেসরকারি খাতের যৌথ বিনিয়োগ অথবা সরকারি বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) বিনিয়োগের প্রতি সরকার উৎসাহ দিচ্ছে।
বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার প্রায় ১৮টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াতে আঙ্কটাড এর কারিগরি সহায়তা কামনা করেন।

আঙ্কটাড এর মহাসচিব ড. মুখিসা কিটুই বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগনীতি প্রণয়নে আঙ্কটাড সহায়তা করে আসছে। এ নীতি বাস্তবায়িত হলে, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

আঞ্চলিক ও বৈশ্বিক সাপ্লাই চেইনের সাথে বাংলাদেশের শিল্পায়ন ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোর সমন্বয় ঘটাতে আঙ্কটাড সমীক্ষা চালাবে বলে তিনি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

ঢাকা, ১৪ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর