দুর্নীতির অভিযোগ ওঠা প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে কৌশল বদলের মধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আগামীকাল শুক্রবার বার্ষিক বৈঠকে বসছে দুই ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক ও আইএমএফ।

নানা জটিলতায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল হওয়ার পর নিজস্ব অর্থে কাজ শুরুর প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, আমরা আমাদের নিজেদের অর্থে পদ্মা সেতুর কাজ শুরু করে দিয়েছি। এখন যদি তারা আমাদের এই প্রকল্পে আবার যুক্ত হতে চায় তাহলে আমরা যেখানে আছি-অর্থাৎ কাজ যতটুকু এগিয়েছে, যে টেন্ডার আহ্বান করা হয়েছে, তার ভিত্তিতেই যুক্ত হতে হবে।

সম্মেলন শুরুর আগে এক বক্তৃতায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, বিশ্ব অর্থনীতি যাতে কেবল সৌভাগ্যবানদের উন্নতি না ঘটিয়ে সমাজের সব শ্রেণীর মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিন দিনের এই সম্মেলনে আগামী এক বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণ-সহায়তার পরিমাণও ঠিক করবে আর্থিক খাতের মোড়ল এ দুই সংস্থা।

দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ২০১২ সালের জুনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করে দিলেও অনেক দেন-দরবারের পর বিশ্বব্যাংক আবার ফিরে আসার ঘোষণা দেয়। কিন্তু সময়ক্ষেপণ হচ্ছে উল্লেখ করে সরকার ২০১৩ সালের জানুয়ারিতে এই দাতা সংস্থাকে ‘না’ করে দেয়।

এরপর সরকার নিজস্ব অর্থেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়, যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠা প্রকল্পের ক্ষেত্রে অর্থায়নের কৌশল সম্প্রতি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, তাদের অর্থায়নের কোন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলে এখন থেকে তারা কাজ বন্ধ না রেখেই তদন্ত চালাবে।

এই প্রেক্ষাপটে এবারের বিশ্বব্যাংক-আইএমএফ সম্মেলন বাংলাদেশের জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ’ মন্তব্য করে মুহিত বলেন, আমাদের এই মেয়াদেই সবার স্বপ্নের সেতুর কাজ শেষ করব। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এই সম্মেলন শুরুর সূচী থাকলেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গত ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়া মুহিত সেখানেই কোরবানির ঈদের ছুটি কাটিয়েছেন।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি- তাদের (বিশ্বব্যাংকের) উচিত ছিল আমাদের পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা।

ঢাকা, ৯ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর