সোমবার বাংলাদেশ ব্যাংক আকুর বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আকুর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি লেনদেনের দায় সাধারণত দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। এর অংশ হিসেবেই জুলাই ও আগস্টের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত দেশের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
এর আগে গত বৃহস্পতিবার দেশের মোট রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ হিসাবে তা ছিল ৩২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ফলে আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমেছে প্রায় ১ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে নিট বা ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য প্রকাশ করে না। তবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) বর্তমানে প্রায় ২৮ বিলিয়ন ডলারের কাছাকাছি।
দেশে প্রতি মাসে গড়ে সাড়ে ৫ বিলিয়ন ডলারের মতো আমদানি ব্যয় হয়। সেই হিসাবে বর্তমান নিট রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
সাধারণভাবে একটি দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকাকে নিরাপদ মনে করা হয়। সেই বিবেচনায় বাংলাদেশের রিজার্ভ এখনো তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।
এর আগে গত ৭ জুলাই মে ও জুনের আকু বিল বাবদ ১৪৮ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। ওই অর্থ পরিশোধের পর বিপিএম-৬ হিসাবে দেশের রিজার্ভ ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। সে সময় গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি সূচক। আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং আন্তর্জাতিক বিভিন্ন দায় পরিশোধের সক্ষমতার সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে।
আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের অর্থ পরিশোধের দায় নির্দিষ্ট সময় পরপর নিষ্পত্তি করা হয়।
বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান আকুর সদস্য। ইরানের রাজধানী তেহরানে সংস্থাটির সদর দপ্তর।
আকুর নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দুই মাসের লেনদেনের দায় একসঙ্গে পরিশোধ করে। তবে অর্থনৈতিক সংকটের কারণে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার সদস্যপদ বর্তমানে সাময়িকভাবে স্থগিত রয়েছে।
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) আওতাভুক্ত ভৌগোলিক অঞ্চলের দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত।
এস