মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজা ওয়েব বেইজড মনিটরিং এর আওতায় আসার পর ৫ বছরে ১ হাজার ২৭৭ কোটি টাকার উপরে রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দৈনিক গড় আদায় ৮০ লাখ টাকার বেশী হচ্ছে। অথচ টোল প্লাজা দুটি ওয়েব বেইজড হওয়ার পূর্বে দৈনিক গড় আদায় ছিল ৪০ থেকে ৫০ লাখ টাকার মধ্যে।
ওয়েব বেইজড পদ্ধতিতে টোল আদায়ের জন্য কম্পিউটার সিস্টেমস নেটওয়ার্ক (সিএনএস) লিমিটেড এর সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের ৫ বছর মেয়াদী চুক্তি হয়েছে। সিএনএস লিমিটেডকে সার্ভিস চার্জ হিসেবে ১৭.৭৫% প্রদান করা হবে। এই পদ্ধতিতে টোল আদায়ের ফলে ৫ বছরে ১ হাজার ২৭৭ কোটি টাকার উপরে রাজস্ব আদায় হবে।
মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় ৬টি করে মোট ১২টি ওয়েস্কেল মেশিন স্থায়ীভাবে বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এতে অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত হবে এবং সড়কের স্থায়ীত্ব বৃদ্ধি পাবে।
আজ বুধবার দুপুরে এক্সেল লোড (ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও চট্টগ্রামের সীতাকুন্ড) স্টেশন উদ্বোধন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডস্থ বড় দারোগার হাট নামক স্থানে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত কম্পিউটারাইজ এক্সেল লোড কন্ট্রোল স্টেশন দুটি কানাডা’র কারিগরি সহযোগিতায় দেশিয় প্রতিষ্ঠান রেগনাম রিসোর্স লি. এর মাধ্যমে স্থাপন করা হয়।
মাত্রাতিরিক্ত ওজন বহনকারী ট্রাক/লরী চলাচলের নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের সড়ক ও মহাসড়ক অকাল ক্ষতির হাত হতে রক্ষাকল্পে, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে অত্র স্টেশনে স্থাপিত ধীরগতি সম্পন্ন ও দ্রুত গতি সম্পন্ন উভয় ট্রাকের ওজন নিয়ন্ত্রণে সক্ষম হবে।
এছাড়াও অত্র স্টেশনের সিস্টেমে Automatic Electronic Signal System, Auto Weight Display, Loop Sensor, Video Recording System, Auto Generation of Overload Truck Report, Auto Penalty Receipt ইত্যাদি সংযুক্ত থাকছে যা বিশেষ ডিজাইনে তৈরিকৃত সফট্ওয়ার এর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এবং অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
ইআর





