টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প নিয়ে আন্তজাতিক প্রদর্শনী ‘১৮তম টেক্সটেক বাংলাদেশ ২০১৭’ আয়োজন করছে সেমস্ গ্লোবাল । 

আগামী ৯ আগষ্ট থেকে শুরু হয়ে ১২ আগষ্ট পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেমস্ গ্লোবাল এর নেতৃবৃন্দ ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় । এতে লিখিত বক্তব্য পেশ করেন সেমস্ গ্লোবালের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহরুন এন ইসলাম।

মেহরুন জানান, একই সাথে ‘টেক্সটেক, ইয়ার্ন এন্ড ফেব্রিকশো এবং ডাই-ক্যাম’ আমাদের একটি সিরিজ এক্সিবিশন। যা বাংলাদেশ, ইন্দনেশিয়া এবং শ্রিলংকায় গত ১৮ বছর ধরে ধারাবাহিকভাবে আমরা আয়োজন করে আসছি। তারই ধারাবাহিকতায় এবারও ‘১৮তম টেক্সটেক বাংলাদেশ ২০১৭’, ‘১২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো-২০১৭’ এবং ‘২৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৭’ নামে আমাদের এই সিরিজ এক্সিবিশন হতে যাচ্ছে।

তিনি জানান, বিশ্বের ২৫টি দেশের প্রায় ১১৫০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এই প্রদর্শনীতে। থাকবে ১৪০০ ষ্টল।

প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষাঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রদর্শনী উপলক্ষে সেমস্ গ্লোবাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘Chemical Safety and Management: Bangladesh Perspective’ শিরোনামে যৌথভাবে একটি সেমিনার আয়োজন করবে। যা আগামী ১০ আগষ্ট ২০১৭ সকাল ১১টায় আইসিসিবিতে অনুষ্ঠিত হবে।

মেহরুন বলেন, প্রদর্শনীতে ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সর্বরাহকারীদের সরাসরি সাক্ষাৎ এবং আলাপচারিতার সুযোগের মাধ্যমে একটি সেতুবন্ধন গড়ে উঠবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেমস্ গ্লোবালের সিইও এস এস সারওয়ার, বুয়েটের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগি অধ্যাপক ড. মুহিদুস এস খান, এক্সিকিউটিব ডিরেক্টর সাইদ তানভির কামরুল, হেড অব মার্কেটিং এন্ড কমিউনিকেশন অফিসার নইম শরিপ প্রমুখ।