অভিযোগের পরিমাণগত দিক থেকে ২০১৩-২০১৪ অর্থবছরে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে সোনালী ব্যাংক লিমিটেড এর বিরুদ্ধে এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানেও রয়েছে রাষ্ট্রায়ত্ত দু’টি ব্যাংক যথাক্রমে জনতা ব্যাংক লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড।

অপরদিকে বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বিরুদ্ধে এবং এদিক দিয়ে বিদেশী ব্যাংকগুলোর মধ্যে প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংতের “ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট” এর বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট এ শুরু থেকে অর্থাৎ ২৮ মার্চ, ২০১১ থেকে ৩০ জুন, ২০১৪ পর্যন্ত মোট ১০,৯৯০টি অভিযোগ গৃহীত হয়েছে। গৃহীত অভিযোগগুলোর মধ্যে উক্ত সময়কালে ১০,৮০৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির হার ৯৮.৩১%। বিগত ২০১৩-২০১৪ অর্থবছরে মোট প্রাপ্ত ৪,৪৭৬টি অভিযোগের মধ্যে ৪,২৯১টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে শীর্ষে রয়েছে  ট্রেড বিল সংক্রান্ত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে সাধারণ ব্যাংকিং সংক্রান্ত অভিযোগ। এছাড়া প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে ঋণ ও অগ্রিম, রেমিটেন্স, মোবাইল ব্যাংকিং ও ডেবিট/ক্রেডিট/এটিএম কার্ড সংক্রান্ত অভিযোগও রয়েছে।

বাংলাদেশের আর্থিক গ্রাহকগণের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে মার্চ, ২০১১ মাসে চালু হওয়া ‘হেল্পডেস্ক’ ক্রমবর্ধমান গ্রাহকগণের চাহিদার প্রেক্ষিতে ২৬/০৭/২০১২ তারিখে একটি পূর্ণাঙ্গ বিভাগে রূপান্তরিত হয়েছে যার নামকরণ করা হয়েছে “ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট”। দেশব্যাপী ব্যাংক গ্রাহকগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিসেও এই “গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র” চালু রয়েছে।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত সকল কর্মদিবসে অফিস চলাকালীন সময়ে ফোন, ফ্যাক্স, এসএমএস, ওয়েবসাইট, ই-মেইল, ডাকযোগে অভিযোগ গ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের ব্যাংকিং সেবা প্রত্যাশী অসংখ্য মানুষের ব্যাংকিং ও ব্যবসায়িক জিজ্ঞাসারও জবাব প্রদান করা হয়ে থাকে। এ লক্ষ্যে গ্রাহক স্বার্থ কেন্দ্রে  ১৬২৩৬ নম্বরের একটি হটলাইন চালু করা হয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর