[b]ঢাকা:  [/b]রাজধানীর প্রায় সব বাজারেই নিত্যপণ্যের দাম অনেকটা স্বাভাবিক। গত সপ্তাহে ডাল, চিনি, মসলা, ভোজ্যতেল, মাছ, মাংস, সবজিসহ বেশকিছু পণ্যের দামে কোনো পরিবর্তন হয়নি। তবে এর আগের সপ্তাহে এসব পণ্যের দাম কমেছে। ফলে নিত্যপণ্যের বাজারেও এখন স্বস্তি ফিরেছে।
ব্যবসায়ীরা বলছেন, গত এক মাসে রাজনৈতিক অস্থিরতা না থাকায় বাজার স্বাভাবিক হয়েছে। আগের চেয়ে পণ্যের দাম কমায় ক্রেতারাও বেশি কিনছেন। এতে বেচাকেনা বেড়ে যাওয়ায় মুনাফা ভালো হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
আজ শুক্রবার রাজধানীর শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, নয়াবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায়  বেশির ভাগ বাজারে পাইকারীতে সবজির দাম কিছুটা কম। তবে খুচরায় কিছুটা বেশি। টমেটো, গাজর, ও সিম ২০ থেকে ২৫ টাকা, কাঁচামরিচ, বেগুন ও শসা ৪০ টাকা, করলা ৫০ টাকা, শালগম ১২ টাকা কেজি দওে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি কমেছে আলুর দাম।
প্রতিকেজি আলু ১০ টাকায় খুচরায় বিক্রি হচ্ছে।
এছাড়া বাঁধাকফি ও ফুলকফি প্রতিটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, হরতাল-অবরোধ না থাকায় কমছে পণ্যের দাম। গত কয়েক সপ্তাহ থেকে বাজারে সব পণ্যের সরবরাহ ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। কৃষকেরা এই সময়ের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারছেন।
এ কারনে বাড়তি পণ্য থাকায় বাজারে দাম কম। তাছাড়া পরিবহন খরচ এখনও কমে যাওয়ায় পণ্যের দামে প্রভাব পড়েছে। শান্তিনগর বাজারের ক্রেতা  শাবানা ইয়াসমিন বলেন, গত বছরের শেষ সময়ে নিত্যপণ্যের বাজারে কেনাকাটা করতে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ। এ বছরে শুরু থেকেই বেশিরভাগ পণ্যের দাম কমছে। এতে চাহিদা অনুযায়ী সব পণ্য কেনাকাটায় সম্ভব হচ্ছে।  
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এখন দেশী ও আমদানি করা সব ধরনের পেঁয়াজ, রসুন এবং আদার দাম কমেছে। গত বছরজুরে পেঁয়াজের দাম চড়া থাকলেও এবার পণ্যটির দাম কম রয়েছে।
আজ  প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া চীনা রসুন ৭০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, সব ধরনের আদা ১৩০ টাকা, মসুর ডাল মানভেদে ৭৫ থেকে ১২০ টাকা, মুগ ১২০ টাকা কেজি দওে বিক্রি হচ্ছে। এদিকে মাছ ও মাংসের দামে কোন পরিবর্তন হয়নি।
তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তি।
তাছাড়া চলতি সপ্তাহে মোটা চালের দাম কেজিতে দুই টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। আর অন্যান্য চাল আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। গতকাল খুচরায় প্রতি কেজি ভালমানের মিনিকেট ও নাজিরশাইল ৪৭ থেকে ৫৪ টাকা, লতা ৪২ থেকে ৪৪ টাকা, পারিজা ও বিআর ২৮ চাল ৩৮ থেকে ৪২ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে ভোজ্যতেল ও চিনি দির্ঘদিন থেকে স্থিতিশীল রয়েছে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমআর[/b]