আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশকে ঋণ দেওয়া ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মুখপাত্র।
বৈঠকে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহ’র নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার পক্ষে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আজ আইএমএফের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তুলে ধরেছি। তারা (আইএমএফ) এসব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা সবকিছু তুলে ধরেছি।
ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে মুখপাত্র বলেন, তবে আইএমএফের ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, নিয়ম অনুযায়ী ঋণ পাবো। ধারাবাহিক কর্মসূচির আওতায় আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে।
এইচএম





