ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতি বছরের ন্যয় এ বছরও ট্যাক্স গাইড ২০১৪-১৫ প্রকাশ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন রোববার জাতীয় রাজস্ব বোর্ড ভবনে বইটির মোড়ক উন্মোচন করেন।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, পরিচালক হায়দার আহমদ খান, এফসিএ, আবুল হোসেন, নেসার মাকসুদ খান, হুমায়ুন রশীদ, ডিসিসিআই সচিব এএইচএম রেজাউল কবির এবং এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন ডিসিসিআইকে কর বিষয়ক এ ধরনের গ্রন্থ প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কর সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান বৃদ্ধিতে বইকে গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে। তিনি বলেন, আয়কর জমা দেওয়ার পদ্ধতি তুলনামূলক ভাবে জটিল এবং এক্ষেত্রে ডিসিসিআই প্রকাশিত ট্যাক্স গাইডটি বেশ সহায়তা প্রদান করবে। এনবিআর চেয়ারম্যান আয়কর জমা বিষয়ক সমস্যা সমাধানের জন্য এনবিআর স্থাপিত তথ্যকেন্দ্র ব্যবহারের জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি এনবিআর এবং ঢাকা চেম্বার যৌথভাবে আগামীতে উপজেলা পর্যায়ে আয়কর মেলা আয়োজনের প্রস্তাব করেন এবং এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে অভিমত জ্ঞাপন করেন। তিনি সকলকে ইতোমধ্যে ঘোষিত শেষ তারিখ ২ নভেম্বর, ২০১৪ এর মধ্যেই আয়কর রিটার্ন জমাদানের আহবান জানান।
তিনি জানান, বর্তমানে দেশে ১৮ লক্ষ বৈধ টিননম্বরধারী রয়েছেন এবং এবছর ১৪ লক্ষ টিননম্বরধারী রিটার্ন জমা দিবেন বলে আশা প্রকাশ করেন। তিনি ঢাকা চেম্বারের গবেষণামূলক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তোরত্তর এর সমৃদ্ধি কামনা করেন।
ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান এনবিআর চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন কে ডিসিসিআই’র পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি উপজেলা পর্যায়ে আয়কর মেলা আয়োজনে ঢাকা চেম্বারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি জানান, ঢাকা চেম্বার নিয়মিত ভাবে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে, যা আয়কর প্রদানকারীদেরকে বিশেষ সহযোগিতা প্রদান করে।
ডিসিসিআই প্রতি বছর ব্যবসায়ী সম্প্রদায় ও ব্যক্তি পর্যায়ে ট্যাক্স প্রদানে উৎসাহীকরণের নিমিত্তে জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইডটি প্রকাশ করে থাকে। কর সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদানে ঢাকা চেম্বার দীর্ঘদিন থেকে এ গাইডটি প্রকাশ করে আসছে। আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে সর্বশেষ সংশোধন এবং সংযোিজন সন্নিবেশিত করে
২০১৪-১৫ অর্থ বৎসরের জন্য উপযোগী করে এ বৎসরের ট্যাক্স গাইডটি তৈরী করা হয়েছে। তাছাড়াও গাইডটিতে বিভিন্ন সিডিউল এবং এসআরওসমূহের তথ্য সন্নিবেশিত হয়েছে যা কিনা ব্যবসায়ী উদ্যোক্তা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানী, এবং অন্যান্য ব্যবসায় সংগঠনসমূহকে বিশেষভাবে সহায়তা করবে ও দেশের কর ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা প্রদান করবে।
ট্যাক্স গাইড ২০১৪-১৫ ডিসিসিআইর সকল সম্মানিত সদস্যবৃন্দকে বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়াও গাইডটি ডিসিসিআই সচিবালয়ে হতে ৩০০ টাকা মূল্যে ক্রয় করা যাবে।
ঢাকা, ১২ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





