অবশেষে ব্যক্তিশ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, ২রা নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে। নির্ধারিত সময় অনুযায়ী ৩০শে সেপ্টেম্বর রিটার্ন জমার শেষ সময়। বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ অন্যান্য বাণিজ্য সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানোর নীতিগত এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআর সূত্রমতে, আসন্ন ঈদুল আজহা ও পূজার ছুটিসহ নানা কারণে যথাসময়ে চলতি করবর্ষের রিটার্ন জমা দেয়ার প্রস্তুতি নিতে পারেননি করদাতারা। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সামপ্রতিক বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হন। এসব কারণে করদাতাদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একইভাবে ৩১শে অক্টোবর ও ১লা নভেম্বর শুক্র-শনিবার হওয়ায় রিটার্ন জমা নেয়া হবে না। তাই ২রা নভেম্বর রোববার অফিস খোলার দিন জমার সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, ব্যক্তিশ্রেণীর করদাতার ক্ষেত্রে বর্তমান আইনে বাড়ি ভাড়া, যাতায়াত ও চিকিৎসা ভাতা বাদ দিয়ে বছরে ২ লাখ ২০,০০০ টাকা পর্যন্ত আয় করমুক্ত। এর বেশি আয় হলে প্রযোজ্য হারে বাংলাদেশী যে কোন নাগরিককে কর পরিশোধ করতে হয়।
অবশ্য আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যক্তিশ্রেণীর রিটার্ন জামা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও এ সময়ের পরও রিটার্ন জমা দেয়া যায়। তবে সেজন্য সংশ্লিষ্ট করদাতাকে উপযুক্ত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট কর অফিসে সময় আবেদনের মাধ্যমে পূর্বানুমোদন নিতে হয়। এর বাইরে জরিমানা দিয়েও রিটার্ন জমা দেয়ার বিধান রয়েছে।
বছরে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতার আয় করমুক্ত। এর বেশি আয় হলে প্রযোজ্য হারে বাংলাদেশী যে কোনো নাগরিককে কর পরিশোধ করতে হয়।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





