রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে রোববার নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির চেয়ারম্যান শেখ আবদুল হাই শুক্রবার অর্থমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবার পর শনিবার অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তিনি (শেখ আবদুল হাই) পদত্যাগ করেছেন। আগামীকাল রোববার বেসিক ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। পর্ষদও ঢেলে সাজানো হবে। আর্থিক কেলেঙ্কারির সব বিষয়ে তদন্ত করা হবে। অনিয়ম ও দুর্নীতির জন্য যাঁরা দায়ী তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগে গত ২৯ মে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। এর আগে ২৬ মে ব্যাংকটির গুলশান, দিলকুশা, শান্তিনগরসহ বিভিন্ন শাখায় ঋণ বিতরণে অনিয়ম ঠেকাতে ব্যর্থতার অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।
পরবর্তীতে ব্যাংকের সিনিয়র ডিএমডি ফজলুস সোবহানকে ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুপারিশ প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া হবে না। তবে পুনর্গঠন করা হবে।’
অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একজন পরিচালক বলেন, ‘আগামী সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। কিন্তু সরকার চাইছিল যে, বর্তমান চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করুক বা সম্মানজনকভাবে বিদায় নিক। নতুবা তাকে অপসারণ করে নতুন কাউকে বসাতে হতো। আর এ কারণেই পরিচালনা পর্ষদ পুনর্গঠনে দেরি করছে সরকার।’
২০০৯ সালে সেপ্টেম্বরে শেখ আবদুল হাইকে তিন বছরের জন্য বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালের সেপ্টেম্বরে তাঁর নিয়োগ নবায়ন করা হয়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ব্যাংকটিতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। চেয়ারম্যানসহ বিভিন্নজনের বিরুদ্ধে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





