নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে ৪ দিনব্যাপী আয়কর মেলা সফলভাবে সমাপ্ত হয়েছে। ৩ কোটি টাকার লক্ষ্যমাত্রায় ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৭৩ টাকা কর আদায় করা হয়েছে।
যার মধ্যে সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৬০০ জন, রিটার্ন জমা দিয়েছে ৪ হাজার ৬৪২ জন আর ই-টিআইএন রেজিস্ট্রেশন করে ১৮৪ জন ও অনলাইনে রিটার্ন দাখিল করেন ১১৭ জন।
আয়কর মেলার সমাপনী দিনে মোট ১ হাজার ২২১টি রিটার্নের বিপরীতে ৮০ লাখ ৫২ হাজার ৭১৬ টাকার রাজস্ব সংগ্রহ করা হয়।
আজ (শনিবার) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য দেন। এর আগে গত বুধবার থেকে মেলা শুরু হয়।
তিনি বলেন, ২০১৬ সালের চার দিনব্যাপী আয়কর মেলায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় ১৩ হাজার সেবা গ্রহণ করে ২ হাজার ২৩৭২ জন রিটার্ন জমা দেন আর রাজস্ব আদায় হয় ২ কোটি ১১ লাখ টাকা। কিন্তু এবার তার বেশি।
এ বছর ৩ কোটি টাকার লক্ষ্যমাত্রায় ৩ কোটি ৪ লাখ ১৭ হাজার ৪৭৩ টাকা কর আদায় করা হয়েছে। যার মধ্যে সেবা গ্রহণ করেছেন ১৭ হাজার ৬০০ জন, রিটার্ন জমা দিয়েছে ৪ হাজার ৬৪২ জন আর ই-টিআইএন রেজিস্ট্রেশন করে ১৮৪ জন ও অনলাইনে রিটার্ন দাখিল করেন ১১৭ জন।
তিনি আরও জানান, আগামী ৮ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা ও করবাহাদুর পরিবারকে সম্মাননা দেয়া হবে।
উদ্বোধনী সভায় বিকেএমইএ'র সভাপতি ও এমপি সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জে প্রায় ৮০ হাজার মানুষের রেজিস্ট্রেশন রয়েছে, যার মধ্যে ২৮ হাজার মানুষ তাদের আয়কর দিয়েছেন। গত বছর এই সংখ্যা আরও কম ছিল। চলতি বছরে আয়কর প্রদানকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তার মানে হচ্ছে ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স দিতে আগ্রহী।
এদিকে করমেলা শেষে নারায়ণগঞ্জ কর শিক্ষণ ফোরাম আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ১ম হয় নারায়ণগঞ্জ বালিকা সরকারি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইসলাম। দ্বিতীয় হয়েছেন আইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী গাজী সাজিদ আহম্মেদ সিয়াম, তৃতীয় হয়েছেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী সুনীত মালাকার।
আয়কর মেলার সমাপনী দিনে কর শিক্ষণ ফোরামের আয়োজিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কর অঞ্চল নারায়ণগঞ্জের কর কমিশনার মো. রেজাউল করিম।
এএস





