দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহ শেষে কমেছে মূল্য সূচক। একই সঙ্গে কমছে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন। সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স কমেছে ২.৮৮ শতাংশ বা ১৩৫ পয়েন্ট। শরিয়াহ সূচক সপ্তাহ শেষে ২.১২ শতাংশ বা ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১৮ পয়েন্টে।
আর ডিএস-৩০ ইনডেক্স সপ্তাহ শেষে ২.৮১ শতাংশ বা ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৭১ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩১.৫০ শতাংশ বা ৭৭৮ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ৮৪৬ টাকা।সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৩ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ৩৯৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
গেল সপ্তাহে সিরামিক খাতেও দরপতন লক্ষ করা গেছে। এদিকে দর হারালেও লেনদেন তার আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। ডিএসইতে গেল সপ্তাহে সিরামিক খাতের বাজার মূলধন কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ।
অন্যদিকে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৫ শতাংশ। মূলত খাতের কয়েকটি কোম্পানির প্রান্তিকের মুনাফা আগের বছরের চেয়ে কিছুটা কমেছে।
অন্যদিকে বেক্সিমকো গ্রুপের কোম্পানির শাইনপুকুর সিরামিকস ২০১৩ সালে লোকসান করেছে। এতে কোম্পানির পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ সুপারিশ করেনি। কোম্পানিটির লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হওয়ায় গোটা খাতেই নেতিবাচক প্রভাব পড়েছে।
শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দর গেল সপ্তাহের শুরুতে ছিল ১৫ টাকা ৯০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ১০ টাকা ২০ পয়সায়। এ সময় শেয়ারটির দর কমেছে ৩৫ দশমিক ৮৫ শতাংশ। মূলত কোম্পানিটি ২০১৩ সালে হিসাব বছরের শেয়ারপ্রতি লোকসান করেছে ৮ পয়সা।
এতে বছর শেষে লভ্যাংশ ঘোষণায় ব্যর্থ হয় কোম্পানিটি। ফলে শেয়ারে বড় দরপতন হয়। সবশেষ কার্যদিবসে এ শেয়ারটির দর ডিএসইতে কমেছে ৩১ দশমিক ৩ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা। এ সময় ৯ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকা ৮০ পয়সার মধ্যে শেয়ারের দর ওঠানামা করে। সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়। দিনশেষে এর দর দাঁড়ায় ১০ টাকা ২০ পয়সা। ফুয়াং সিরামিকসের শেয়ারের দর গেল সপ্তাহে সব কয়টি কার্যদিবসেই কমেছে।
সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৬ টাকা ৫০ পয়সা, যা শেষে দাঁড়ায় ১৫ টাকা ৩০ পয়সা। এ সময় শেয়ারটির দর কমেছে ৭ দশমিক ২৭ শতাংশ। এদিকে সর্বশেষ কার্যদিবসে এ শেয়ারের দর কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ বা ৫০ পয়সা। সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়। দিনশেষে এ শেয়ারের দর একই ছিল। মূলত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেট মুনাফা কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটির এ সময় নেট মুনাফা হয় ৬৮ লাখ ৬০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ১ কোটি ৬২ লাখ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৯ পয়সা। অন্যদিকে জুলাই-মার্চ সার্বিকভাবে নয় মাসে কোম্পানিটির নেট মুনাফা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৪ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা। এ সময় ইপিএস হয় ৩৭ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৫২ পয়সা। মুন্নু সিরামিকসের শেয়ারের দর সপ্তাহের শুরুতে ছিল ৩৩ টাকা ৮০ পয়সা, যা শেষে দাঁড়ায় ২৮ টাকা ৬০ পয়সা। মূলত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের কোম্পানিটির মুনাফা কমেছে ৫৩ শতাংশ। কোম্পানিটির নেট মুনাফা হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা, অগের বছর একই সময় ছিল ১০ লাখ ৩০ হাজার টাকা। এ সময় ইপিএস হয় ২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৪ পয়সা।
অন্যদিকে সার্বিকভাবে নয় মাসে কোম্পানিটির ৫০ লাখ ৯০ হাজার টাকা, আগের বছর একই সময় যা ছিল ৫৯ লাখ ৬০ হাজার টাকা। এ সময় ইপিএস হয় ২১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৫ পয়সা। এদিকে শেষ কার্যদিবসে ডিএসইতে এ শেয়ারের দর কমেছে দশমিক ৬৭ শতাংশ বা ২০ পয়সা। সারা দিন এর দর ২৮ টাকা ২০ পয়সা থেকে ২৯ টাকা ৫০ পয়সা।
সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়। দিনশেষে এ শেয়ারের দর দাঁড়ায় ২৮ টাকা ৬০ পয়সা। আরএকে সিরামিকসে শেয়ারের দর সপ্তাহের শুরুতে ছিল ৪৭ টাকা ৯০ পয়সা, সপ্তাহ শেষে যা দাঁড়ায় ৪৫ টাকা ৮০ পয়সা।
শেষ কার্যদিবসে এ শেয়ারের দর বাড়ে দশমিক ২২ শতাংশ বা ১০ পয়সা। দিনভর এর দর ৪৫ টাকা ৬০ পয়সা থেকে ৪৬ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ ৪৬ টাকা ২০ পয়সায় এ শেয়ারের লেনদেন হয়।
তবে দিনশেষে এ শেয়ারের দর কমে দাঁড়ায় ৪৫ টাকা ৮০ পয়সা। স্ট্যান্ডার্ড সিরামিসের শেয়ারের দর গেল সপ্তাহে কিছুটা বাড়ে। মূলত এর আগের এ শেয়ারের টানা দরপতন হয়, যার পরিপ্রেক্ষিতে গেল সপ্তাহে কিছুটা বাড়ে। এ শেয়ারের দর সপ্তাহের শুরুতে ছিল ৩৮ টাকা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ৩৯ টাকা ৮০ পয়সা।
এদিকে সপ্তাহ শেষে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩.৪৫ শতাংশ বা ৩১৩ পয়েন্ট কমেছে। সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ার দর।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]