দেশের ৯৬ শতাংশ ব্যবসায়ী আয়কর দেন না বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন।
সোমবার সোনারগাঁও হোটেলে আয়োজিত আয়কর দিবস ২০১৪ উপলক্ষে সর্বোচ্চ এবং দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা সনদ, ক্রেস্ট ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা জনান তিনি।
কাজী আকরাম বলেন, ‘দেশে সাড়ে ৩ কোটি ব্যবসায়ী রয়েছেন। তাদের মধ্যে মাত্র ১১ লাখ ৩০ হাজার ব্যবসায়ী আয়কর দেন। অন্তত ১ কোটি ব্যবসায়ী আয়কর রিটার্ন দাখিল করলে আমাদের বিদেশি সাহায্য দরকার হতো না।’
তিনি আরও বলেন, ‘সক্ষম ব্যক্তিদের সঠিক সময়ে কর দেওয়া উচিত। ব্যবসাকে হালাল করতে অবশ্যই আমাদের কর দেয়া দরকার। এই করের মাধ্যমেই নতুন নতুন ব্যবসা ও উন্নয়নের পথ সুগম হবে।’
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বর্তমানে দেশ প্রত্যক্ষ করের দিকে ঝুঁকছে। সে হিসেবে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস আয়করের সক্ষমতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাই আয়কর সেবার বিভাগ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া দরকার।’
ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের মডেল হিসেবে উপস্থাপন করতে ব্যবসায়ীদের কর দিতে আহবান জানান তিনি।
কাজী আকরাম জানান, আয়কর দিবসে সেরা করদাতাদের পুরস্কৃত ও বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে কর প্রদানে উৎসাহিত করা হচ্ছে। মেলার মাধ্যমে কর প্রদান ও ব্যবসায়ীদের টিআইএন নিতে সহজ হবে। এনবিআরের কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীরা ভয়ভীতি কাটিয়ে কর দিতে ও নতুন টিআইএন নম্বর নিতে আগ্রহী হবেন।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





