দেশের অন্যতম বড় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জরুরী ভিত্তিতে গ্রামীণফোনের ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক লেনদেনের সংক্রান্ত সব ধরনের তথ্য চেয়েছে এনবিআরেরবৃহৎ কর দাতা ইউনিট (এলটিইউ)।

এলটিইউর অডিট ইউংয়ের উপ-কর কমিশনার মোহাম্মদ আতাউল হক স্বাক্ষরিত একটি চিঠি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেঘনা ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এনবিআরের চিঠি পাওয়ার বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন।

আয়কর মামলা নিষ্পত্তির জন্য এ হিসাব চাওয়া হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গ্রামীণফোন লিমিটেডের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর মামলা নিষ্পত্তির লক্ষে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ করা প্রয়োজন।

এ সময়ে ব্যাংকে সব ধরনের লেনদেন বিবরণী জরুরী ভিত্তিতে স্বাক্ষরকারীর কাছে পাঠাতে হবে। তবে কত দিনের মধ্যে তা পাঠাতে হবে সে বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি।

চিঠিতে গ্রামীণফোনের টিআইএন নম্বর উল্লেখ করা হয়েছে ০৭০-২০০-৭৫৫৭। ঠিকানা হিসেবে জিপি হাউজ, বসুন্ধরা, বারিধারা, ঢাকা দেওয়া হয়েছে।

এএইচ