শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আমরা কোনোভাবেই পরিবেশ বিনষ্ট করে শিল্পায়ন চাই না। পরিবেশের সুরক্ষা করেই শিল্পায়নের লক্ষ্যপূরণে কাজ করছি। করে যাব। শিল্পোন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
রোববার গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের ওপর এক সেমিনারে এ কথা বলেন তিনি। গার্মেন্ট এক্সেসরিজ শিল্প মেলা উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে এ সেমিনারের আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট করে কিংবা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, এমন কোনো শিল্প স্থাপনের অনুমতি বর্তমান সরকার দেবে না। শিল্পোদ্যোক্তাদের অবশ্যই পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স বা বাধ্যবাধকতাগুলো মেনে নিয়ে শিল্প স্থাপন করতে হবে। তৈরি পোশাক, জাহাজ ভাঙ্গা, ট্যানারি বা ওষুধশিল্পসহ যে ধরনের শিল্পই হোক না কেন, সরকারের এ অবস্থান সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।
অর্থনীতিবিদ ড. মকবুল আহমেদ খান সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যার প্রতিপাদ্য বিষয় হচ্ছে-বাংলাদেশের গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাত প্রবৃদ্ধি, সামাজিক বাধ্যবাধকতা ও পরিবেশ ইস্যু।
সেমিনারে জানানো হয়, রফতানি বাণিজ্যকে বহুমুখীকরণ এবং সম্প্রসারণের জন্য প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এক্রজিবিশন প্রাইভেট লিমিটেড এবং জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে ৬ থেকে ৯ মার্চ চার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শিল্প মেলার আয়োজন করা হয়েছিল।
এবারের মেলায় মেলায় দেশি ও বিদেশি শিল্প প্রতিষ্ঠানসহ প্রায় ৫০০টি স্টল অংশগ্রহণ করে। এ শিল্প মেলায় ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাইসহ প্রায় ২৫টি দেশ অংশ নেয়। দর্শকরা মেলায় মেশিনারিজ এবং উৎপাদিত পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মাহাবুব আহমেদ, সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ প্রফেসর ড. এমএম আকাশ। সেমিনারে সভাপত্বিত করেন বিজিএপিএমইএ এর সভাপতি রেফাজ আলম চৌধুরী।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর
[/b]