নেপালের রাজধানী কাঠমান্ডুতে শেষ হলো ৫ দিনের ‘‘বাংলাদেশ-নেপাল মেলা ২০১৫”। গত ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মেলা।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এই মেলার আয়োজন করে। মেলায় রেডিমেড গার্মেন্টস, কসমেটিক, ঔষধ, ভেষজ ঔষধ, হস্তশিল্প, হিমায়িত খাদ্য, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়, প্রকাশনী, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাংলাদেশের মোট ৮০ টি এবং নেপালের মোট ২০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলাতে বিভিন্ন ধরনের পিঠা ও বিরিয়ানীসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রীর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
গত ১৫ ই ফেব্রুয়ারী সন্ধ্যায় কাঠমান্ডুর ভ্রিকুটি মন্ডপে উভয় দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মুখরিত একটি মনোজ্ঞ ‘‘বাংলাদেশ-নেপাল মৈত্রী কনসার্ট” অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা সমাপ্ত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের নগর বাউল খ্যাত জেমস্।
এর আগে বাংলাদেশ-নেপাল মেলার উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ্ মাশফি বিনতে শামস।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলে নেপালের বাণিজ্য মন্ত্রী সুনীল বাহাদুর থাপা । তাঁরা উভয়ই বন্ধুপ্রতীম দুটি দেশের ব্যবসায়ীদের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক উন্নয়নে বাণিজ্যের প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুর তত্ত্বাবধায়নে প্রথম বারের মত আয়োজিত এ মেলা নেপালী জনগন এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
অংশগ্রহনকারী ব্যবসায়ীরা জানান, মেলায় দশ হাজারেরও বেশি দর্শনার্থী এসেছেন এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিক্রয় হয়েছে।
কেবি





