বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এবারের মেলা বিপিজিএমইএ ও তাইওয়ানের চান চৌ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যৌথভাবে আয়োজন করবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আন্তর্জাতিক প্লাস্টিক মেলা প্লাস্টিক সেক্টরে অনেক অবদান রাখছে। মেলায় প্লাস্টিক পণ্যের পরিচিতি, নতুন প্রযুক্তি সংযোজন ও প্রদর্শনী করা হবে।
মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। মেলায় দেশি বিদেশী প্রায় ৩'শ স্টল থাকবে।
মেলায় ১৫টি ক্যাটাগরিতে দেশীয় প্লাস্টিক পণ্য প্রদর্শিত হবে। তবে মেলায় নতুন পণ্য এবং প্রযুক্তির সমাবেশ আগের মতই থাকবে।
তিনি বলেন, মেলায় বিভিন্ন দেশের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগ প্রদর্শন করা হবে। মেলায় দেশি ও বিদেশী মিলিয়ে দর্শনার্থীদের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে আশা করেন তিনি। এছাড়া সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বায়ার-সেলার মিটিং থাকবে।
তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে এ মেলার সাফল্যে দেশি বিদেশী মহলের দৃষ্টি কেড়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, মোঃ ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, চাং চৌ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড টাইগার লিন, ডেনিস লিন প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,১৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ/এমআর/এফএ[/b]