নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট ২২ ঘণ্টা চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কারখানার আগুন।
গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথমে ১১টি পরে আরও ৭টি ইউনিটসহ মোট ১৮টি ইউনিটের সদস্যদের টানা প্রচেষ্টায় আজ (০৯ জুলাই) শুক্রবার বেলা ৩টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন শুক্রবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার আগুন লাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আসে আরো সাতটি ইউনিট। টানা দীর্ঘ ২২ ঘণ্টা তাদের প্রচেষ্টায় শুক্রবার বেলা ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিভে যায়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ৪৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছে।
ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন নেভানোর পর ওই সব ফ্লোরে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
এমবি





