দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার টাকার অংকে লেনদেনের পরিমাণ বাড়লেও অপরিবর্তিত রয়েছে মূল্য সূচক। একই সাথে কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের অবস্থানে অর্থাৎ ৪৩৭৬ পয়েন্টে রয়েছে। তবে সূচক রেখা ০.২৪ পয়েন্ট নিম্নমুখী অবস্থায় রয়েছে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২১৮ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা।
মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফার কেমিক্যালের। এদিন এ কোম্পানির ৫৪ লাখ ৬৩ হাজার শেয়ার ২৭ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৭৬ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১৯১ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার লেনদেন বেড়েছে ২৭ কোটি ২৭ লাখ ৪১ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচকও আগের দিনের অবস্থানে অর্থাৎ ৮৩৪৫ পয়েন্টে অবস্থান করছে। তবে সূচক রেখা ঊর্ধ্বমুখী রয়েছে। লেনদেন হওয়া ২০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা। যা সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৮২ লাখ টাকা।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





