মূল্য বৃদ্ধি রোধে সারা বছর সারাদেশে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ জন্য আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর শালবন এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য যাতে বৃদ্ধি না পায় সেজন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার। আবারও ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ২/১ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য সারা বছর টিসিবির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।”

টিপু মুনশি বলেন, “মুনাফালোভি সিন্ডিকেট চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি নেওয়া হয়েছে। যারাই এ ধরনের অশুভ তৎপরতায় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “এবার রমজান উপলক্ষে ৩০ হাজার মেট্রিক টন তেল, বিপুল পরিমাণ ছোলা আর চিনি আমদানি করা হবে। এসব সামগ্রী রমজান শুরুর ১৫ দিন আগে দেশে চলে আসবে। ফলে কোনও সমস্যা হবে না।”

প্রাণঘাতি করোনাভাইরাস প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “পুরো বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের দেশে যাতে এ রোগ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। চীনে আমাদের দেশের যে সব নাগরিক অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে আনাসহ অন্যান্য সব কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।”

এমবি