বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নতুন অনুমোদন পাওয়া নয়টি ব্যাংকের মধ্যে একমাত্র এনআরবি কমাশিয়াল ব্যাংক ছাড়া বাকি ৮ ব্যাংক এখন পর্যন্ত কৃষিখাতে কোন ঋণ বিতরণ করেনি। এদিকে, শর্তানুসারে, নতুন ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণে না গেলে বা নির্ধারিত লক্ষমাত্রা অর্জন করতে ব্যর্থ হলে নতুন করে কোন শাখা খোলার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে কৃষি ঋণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সভায় গভর্নর এ কথা বলেন।
গভর্নর বলেন, বিদেশী ব্যাংকগুলোর প্রয়োজনীয় শাখা না থাকা সত্ত্বেও এমএফআই’র সাথে লিঙ্কেজ স্থাপন করে কৃষি ঋণ বিতরণে দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে। বিদেশী ব্যাংকগুলো তাদের কৃষি ঋণের ৯৫ শতাংশই এমএফআই’র মাধ্যমে বিতরণ করেছে। যেখানে বেসরকারি ব্যাংকগুলো গড়ে বিতরণ করেছে ৩২ শতাংশ।
তিনি বলেন, তিনটি বিদেশি ব্যাংক (হাবিব, ওরি ও ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান) এবং নতুন ব্যাংকগুলোর মধ্যে এনআরবি কর্মাশিয়াল ব্যাংক বাদে ৮ টি ব্যাংক এই সাত মাসে কোন কৃষি ঋণ বিতরণ করতে পারেনি। তাহলে কি আমরা ধরে নিবো এই সাত মাসে নতুন ৮টি ব্যাংক অন্যান্য খাতেও কোন ঋণ বিতরণ করেনি।
আতিউর রহমান বলেন, নতুন লাইসেন্স পাওয়ার অন্যতম শর্ত ছিল তাদের মোট বিতরণকৃত ঋণের ৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করবে। কিন্তু চলতি অর্থবছরের সাত মাস পার হয়ে গেলেও আটটি ব্যাংক এখনও ঋণ বিতরণ শুরুই করেনি।
কৃষি খাতে গুরুত্ব দিয়ে ব্যাংকের অন্যান্য কর্মকান্ডের পাশাপাশি কৃষি ও পল্লী ঋণের জন্যে আলাদা সেল বিভাগ খোলা এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ও শ্রেণীকৃত ঋণসমূহ আদায়ের প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দেন তিনি।
এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষমাত্রা অর্জনে যদি নতুন অনুমোদন পাওয়া ব্যাংকগুলো ব্যর্থ হয় তবে তাদেরকে নতুন করে কোন শাখার অনুমোদন দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২০১২-১৩ অর্থবছরে অন্যান্য ব্যাংকগুলো তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ ঋণ বিতরণ করেছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরেও আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ বেশি ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অর্থবছরের প্রথম সাত মাসে ( জুলাই-জানুয়ারি) পর্যন্ত ৮ হাজার ৮২০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৬০ দশমিক ৪৩ শতাংশ।
সভায় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভূক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক, উপ-মহা ব্যবস্থাপক আব্দুল হাকিমসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
কৃষি ঋণ লক্ষমাত্রা অর্জনে ব্যর্থ নতুন ৮ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নতুন অনুমোদন পাওয়া ৯ ব্যাংকের মধ্যে একমাত্র এনআরবি কমাশিয়াল ব্যাংক ছাড়া বাকি ৮ ব্যাংক এখন পর্যন্ত কৃষিখাতে কোন ঋণ বিতরণ করেনি।





