আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব সামার ফেয়ার-২০১৫ শুরু হচ্ছে আগামী ৯ জুন। চার দিনব্যাপী এ মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর ধানমন্ডির সান্তুর রেস্টুরেন্টে রিয়েল এস্টেট অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন।
রিহ্যাব সভাপতি বলেন, ৯ জুন বিকেলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এ মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বিভিন্ন কোম্পানির দেড় শতাধিক স্টল থাকবে। ২৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ ছাড়া কো-স্পনসর হিসেবে থাকছে আরও ১১টি প্রতিষ্ঠান। মেলা চলবে ১২ জুন পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশ টিকিট সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। তবে মাল্টিপল টিকিট দ্বারা দর্শনার্থীরা মোট ৪ বার প্রবেশ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহসভাপতি রবিউল হক, মো. আনোয়ারুজ্জামান প্রমুখ।
এআর





