[b]ঢাকা: [/b]দেশের সম্ভাবনাময় খাত প্লাস্টিক শিল্পের বাজার সম্প্রসারণ ও রফতানি বাড়াতে আগামী ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও তাইওয়ানের স্যান সাও আন্তর্জাতিক কোম্পানি লিমিটেড যৌথভাবে এ মেলা আয়োজন করছে। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে বিপিজিএমইএর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপিজিএমইএর সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রায় এ মেলা ব্যাপক অবদান রাখছে। মেলার মাধ্যমে প্লাস্টিক পণ্যের পরিচিতি ও নতুন প্রযুক্তির সমন্বয় ক্রমান্বয়ে বাড়ছে। তিনি বলেন, প্রতিবারের মতো এবারও মেলাকে সফল করতে সার্বিক উদ্যোগ নেয়া হয়েছে। মেলায় থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। তিনি বলেন, বিগত কয়েকবছর ধরে বছর অন্তরে একবার মেলার আয়োজন করা হলেও অঅগামীতে প্রতি দুই বছরে অন্তর এ মেলার আয়োজন করা হতে পারে।
এবারের প্লাস্টিক মেলায় থাকবে প্রায় ৩৫০টি স্টল। বাংলাদেশসহ চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইতালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ মেলায় অংশগ্রহণ করবে। এমনকি প্রথমবারের মতো ৯ম এর মেলাতে অংশগ্রহণ করবে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি ও সিঙ্গাপুর।
তিনি বলেন, দেশে প্লাস্টিক শিল্প স্বল্প পরিসরে হলেও এখাতে বছরের টার্নওভার ২০ হাজার কোটি টাকা। তাছাড়া এ শিল্পের সঙ্গে প্রায় ১২ লাখ লোক জড়িত। বর্তমানে প্লাস্টিক পণ্য দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতায় অন্যান্য খাতের ন্যায় প্লাস্টিক খাতও ক্ষতির কবলে পড়ে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্লাস্টিক খাতে প্রায় চার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। জসিম উদ্দিন আরো বলেন, গার্মেন্টস খাত জিএসপি সুবিধার আওতায় না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এই সুবিধাটি বন্ধ করা হয়েছে। এতে করে প্লাস্টিক খাত ক্ষতির কবলে পড়েছে এবং পণ্যমূল্য ২০ শতাংশ বৃদ্ধি পাবে। আর গার্মেন্টস খাতের অস্থিতিশীলতার কারণে জিএসপি সুবিধা বাতিল করলেও এই খাতটিতে কোন প্রভাব পড়ছে না। কিন্তু প্লাস্টিক খাতে প্রভাব ফেলছে। যার ফলে জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক গেম বলে উল্লেখ করেন তিনি।
ক্ষতি পুষিয়ে নেয়া প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, গত চার মাস রাজনৈতিক অস্থিরতায় সবারই সমান ক্ষতি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ছোট ও মাঝারি খাতের বেশি ক্ষতি হয়েছে। অখচ সম্প্রতি সরকার গার্মেন্টস খাতে উৎসে কর কমিয়েছে। তিনি সরকারের কাছে দাবি করে বলেন, যেগেতু ক্ষতি সবার সমান হয়েছে। সেহেতু নতুন কোনো আইন বা প্যাকেজ তৈরি করতে তা যেন সব খাতের জন্য সমান হয়।
তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতায় অন্যান্য খাতের ন্যায় প্লাস্টিক খাতও ক্ষতির কবলে পড়ে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্লাস্টিক খাতে ৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম (হেলাল), সামিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চারদিন ব্যাপী এ মেলা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলাতে প্রবেশ মূল্য সম্পূর্ন ফ্রি। বিপিজিএমইএ ও বিসিক-এর যৌথ উদ্যোগে সর্বপ্রথম ১৯৮৭ সালে প্লাস্টিক মেলার আয়োজন করা হয়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
অর্থনীতি
আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০ ফেব্রুয়ারি
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ৯ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।





