তৈরি পোশাক শিল্প পণ্য রফতানিতে উৎসে কর কমলো। বুধবার বিকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জানা গেছে, উৎসে কর শূন্য দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৩০ শতাংশ করা হয়েছে।
প্রজ্ঞপনে বলা হয়েছে, নির্ধারিত উৎসে কর চলতি মাসের ২২ এপ্রিল থেকে কার্যকর হবে এবং তা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে অন্যান্য পণ্যে এ উৎসে করের হার শূন্য দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬ শতাংশ করা হয়েছে।
এনবিআর সূত্র জানায়, পোশাক শিল্পের সঙ্গে জড়িত নিটওয়্যার, ওভেন গামেন্টস, টেরি টাওয়ের কার্টুন ও গার্মেন্ট সামগ্রী রফতানিতে নিয়োজিত করদাতার রফতানি আয়ের ক্ষেত্রে আগের শূন্য দশমিক ৮০ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ৩০ শতাংশ করা হয়েছে। অন্যান্য পণ্যের রফতানিতে নিয়োজিত করদাতাকে রফতানিতে শূন্য দশমিক ৮ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ৬ শতাংশ উৎসে কর পরিশোধ করতে হবে। এ সব পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত চিংড়ি, পাট ও চামড়াজাত পণ্য প্রভৃতি।
এনবিআর সূত্রে জানা গেছে, গত বছরের রাজনৈতিক সহিংসতা এবং বেতন বৃদ্ধিসহ অন্যান্য কারণে ক্ষতির মুখে থাকা পোশাক খাতে প্রণোদনার অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এ ছাড় দেওয়া হয়েছে। যদিও এ উৎসে কর কমানোর ফলে মোট ২ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত হবে বলে জানিয়েছিল এনবিআর।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]