ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট ৭৯৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ডিএসইতে ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৮৭ কোটি ৬৫ লাখ টাকার বা ১২ দশমিক ৩৯ শতাংশ বেশি শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক বাড়লেও কমেছে ডিএস৩০ সূচক্ ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯০ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক শুন্য পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টি কোম্পানির। আর দর কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
বিশ্লেষকদের মতে, গত এক মাস ধরে পুঁজিবাজারে লেনদেন ইতিবাচক ধারায় রয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। এখন বড় মূলধনী কোম্পানির পাশাপাশি ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এর ফলে লেনদেন বাড়ছে বলে মনে করেন তারা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনে সূচক ও লেনদেন বেড়েছে। মঙ্গলবার সিএসই সার্বিক সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৯৮ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





