ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ আসছে বাজেটে ৪১টি প্রস্তাব করেছে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ) ফাউন্ডেশন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে এসএমই ফাউন্ডেশন শুল্ক-কর ও ভ্যাট (মূল্য সংযোজন কর) সংক্রান্ত ৪১টি প্রস্তাব এনবিআরে পাঠিয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এসব প্রস্তাব বাজেটে গৃহীত হলে দেশিয় শিল্প বিকাশের পাশাপাশি সরকারের কাঙ্ক্ষিত রাজস্বও বাড়বে।
এসএমই ফাউন্ডেশনের প্রস্তাবে বৈদ্যুতিক যন্ত্রপাতির কাঁচামাল আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যের আমদানির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেইজ মেটালের আওতায় মৌলিক কাঁচামালের আমদানি পর্যায়ে শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করা, সম্পূর্ণ তৈরি লিফ স্প্রিং, তৈরি ফিল্টারের আমদানি শুল্ক বাড়িয়ে দেয়া, গৃহে ব্যবহার্য পাখার যন্ত্রাংশ আমদানির শুল্ক-কর অব্যাহতি দেয়া, অন্যদের ক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়িয়ে দেয়া, বৈদ্যুতিক ফ্যান উত্পাদনের ক্ষেত্রে ৫ শতাংশ শুল্ক নির্ধারণ, গ্যাস জেনারেটর ও জেনারেটর যন্ত্রাংশের শুল্ক ও ভ্যাট মওকুফ করার প্রস্তাব দেয়া হয়।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]