সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে মূল্য সূচক ও লেনদেনের বড় ধরনের উস্ফলন ঘটেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ২৮৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। যা এ বছরের সর্বোচ্চ লেনদন পুঁজিবাজারে।
একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ডিএসই এক্স সূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৩২২ কোটি ১২ লাখ টাকার বা ৩৩ শতাংশ। আর আগের দিন এ বাজারে ৯৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৪৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০০টি কোম্পানির। আর দর কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
এছাড়া ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজেএলবিডির শেয়ার। এরপরে রয়েছে- বিএসআরএম স্টীল, বেক্সিমকো ফার্মা, অ্যাক্টিভ ফাইন, বেক্সিমকো, গ্রামীণ ফোন , ওরিয়ন ফার্মা, গোল্ডেন সন, লাফার্জ সুরমা সিমেন্ট এবং ব্রাক ব্যাংক।
বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার চাঙ্গা থাকায় বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রণ বেড়েছে। এছাড়া ব্যাংক আমানতের হার কমে যাওয়ায় মানুষ এখন পুঁজিবাজারের দিকে ঝুঁকছে। এতে বাজার ক্রমেই তেজী হয়ে উঠছে বলে মনে করেন তারা।
অপরদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ৬০ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ২ লাখ টাকা।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





