ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে নয়, বুঝিয়ে-শুনিয়ে, হাত বুলিয়ে কর আদায় করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
মিরপুরের পুলিশ কনভেনশন হলে সোমবার পশ্চিম ভ্যাট কমিশনারেট আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
কাজী আকরাম বলেন, ১৯৯১ সাল থেকে ব্যবসায়ীরা বিদ্যমান আইনে ভ্যাট দিয়ে অভ্যস্ত। হঠাৎ করে নতুন আইন দেখলে সবাই ভয় পাবে, এটা স্বাভাবিক বিষয়। এক্ষেত্রে করদাতাদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। ভয়-ভীতি দেখিয়ে কর আদায় করা যাবে না। বুঝিয়ে-শুনিয়ে, হাত বুলিয়ে ভ্যাট আদায় করতে হবে।
তিনি আরও বলেন, বাজেটের একটি বড় অংশ ব্যবসায়ীরা ভ্যাট হিসেবে দিয়ে থাকেন। বাংলাদেশের অর্থনৈতিক অভ্যুদ্বয়ের পেছনে ব্যবসায়ীদের অবদান রয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ভ্যাটের হার বেশী। এ বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।
কর জাল সম্প্রসারণের পরামর্শ দিয়ে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির অনেক প্রসার ঘটেছে। গ্রামেও এখন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শুধু শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের চিন্তা বাদ দিয়ে গ্রামের ব্যবসায়ীদের দিকেও নজর দিতে হবে।
পশ্চিম ভ্যাট কমিশনারেট কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মূসক বাস্তবায়নের সদস্য ফিরোজ শাহ আলম, এলটিইউ ভ্যাটের কমিশনার শাহনাজ পারভীন ও অতিরিক্ত কমিশনার মোস্তবা আলী। সেমিনারে ‘মূল্য সংযোজন কর আইন ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ এর বিভিন্ন দিক আলোচনা করা হয়।
এএইচ





