ঈদকে সামনে রেখে ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৭ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিস এবং বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে এসব নোট বদলে দেওয়া হবে।
একজন ব্যক্তি একবারে সাড়ে ৫ হাজার টাকার নতুন নোট বদলে নিতে পারবেন। সাধারণ মানুষকে এসব নোট বদলে দেওয়ার সুবিধার্থে ঢাকাসহ সারাদেশে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার।
একজন ব্যক্তিকে একবারে একটি লট নিতে হবে। যেখানে ২০ ও ১০ টাকা একটি করে, ৫ টাকার তিনটি ও ২ টাকার একটি করে বান্ডেল থাকবে। আর সঙ্গে থাকবে একশ’ পিস করে ৫, ২ ও ১ টাকার কয়েন। সব মিলিয়ে এক লটে সাড়ে ৫ হাজার টাকা থাকবে। টাকা বদলানোর সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে চারটি বিশেষ কাউন্টার খোলা হচ্ছে। এছাড়া রাজধানীর ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও নতুন টাকা বদলে দেওয়া হবে।
ব্যাংকের শাখাগুলো হলো- সোনালীর রমনা, জনতার আব্দুল গনি রোড, অগ্রণীর এ্যালিফ্যান্ট রোড, রূপালীর মহাখালী, প্রাইমের মালিবাগ ও মিরপুর, পূবালীর সদরঘাট, ন্যাশনালের যাত্রাবাড়ী, ইসলামীর শ্যামলী, মার্কেন্টাইলের বনানী, সাউথইস্টের কাওরানবাজার, এসআইবিএলের বসুন্ধরা সিটি মার্কেট, উত্তরার চকবাজার, ওয়ান ব্যাংকের বাসাবো, আইএফআইসির গুলশান, ফাস্ট সিকিউরিটির মোহাম্মদপুর, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি, ঢাকা ব্যাংকের উত্তরা এবং ডাচ-বাংলার দক্ষিণ খানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত বছর রোজার ঈদের আগে ১৮ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিলো। রাজধানীতে বিভিন্ন ব্যাংকের ১১টি শাখার মাধ্যমে নতুন নোট বদলে দেওয়া হয়েছিলো। তবে চাহিদা বিবেচনায় এবারে রাজধানীর ২০টি শাখা থেকে সেবা দেওয়া হচ্ছে।
এছাড়া ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের চট্রগ্রাম, খুলনা ও সিলেট শহরে পাঁচটি করে বিশেষ কাউন্টার খোলা হবে। আর বরিশাল, রংপুর ও রাজশাহী অফিসে তিনটি করে বিশেষ কাউন্টার চালু থাকছে।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





