ক্ষতিগ্রস্ত দুই লাখ পাঁচ হাজার ১৫ জন কৃষককে ২৪ কোটি টাকার ‘প্রণোদনা’ দেবে সরকার। উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ১৪টি জেলা এবং দক্ষিণাঞ্চলের ১২ জেলার কৃষকরা এই প্রণোদনা পাবেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আজ থেকেই এই কর্যক্রম শুরুর কথা জানিয়ে মন্ত্রী বলেন, এক লাখ ৩৫ হাজার ৪৫৬ জন ক্ষুদ্র কৃষক এবং ৬৯ হাজার ৫৫৯ জন প্রান্তিক কৃষককে এই সহায়তা দেওয়া হবে।

মতিয়া চৌধুরী বলেন, উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ৪৭৫ জন কৃষককে আট কোটি ৪৯ লাখ টাকার বীজ ও সার দেওয়া হবে। মন্ত্রী জানান, এ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি সর্বোচ্চ এক বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে বলে

তিনি জানান, উজানের ঢলে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ১০ বিঘা জমিতে গম, ১৩ হাজার ২৪০ বিঘা জমিতে ভুট্টা, ২৫ হাজার ৪১৫ বিঘা জমিতে সরিষা এবং ৩৩ হাজার ৮১০ বিঘা জমিতে আবাদের জন্য বোরো ধান বীজ দেওয়া হবে।

উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার কর্মসূচিতে আট কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ২১৮ টাকা ব্যয় হবে। এবং সুফল হিসাবে ৯৯ হাজার ২৪ লাখ ৬৪ হাজার টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালাপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারিতে উজানের ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকরা এ প্রণোদনার আওতায় আসবেন।

এছাড়া, এসব জেলার ৮৬ হাজার ৪৭৫ জন ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ ও সার দেওয়ার ফলে ৩৪ হাজার ৮৭০ মেট্রিক টন ফসল পাওয়া যাবে আশা করছে কৃষি মন্ত্রণালয়।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলের ১২ জেলার (যশোর, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও গোপালগঞ্জ) এক লাখ ১৮ হাজার ৫৪০ জন কৃষককে ১৫ কোটি ৪৯ লাখ টাকা প্রণোদনা দেওয়া হবে।

এ বাবদে সরকারের ১৫ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হলেও এর সুফল হিসাবে ৯০ কোটি ১২ লাখ ৬৩ হাজার টাকা আয় হবে আশা করছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ বাজেট থেকে প্রণোদনার এই অর্থ যোগান দেওয়া হবে।

ঢাকা, ১২ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর