সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক এবং টাকার পরিমাণে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। আর লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়ে দাড়িয়েছে ৭৭০ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪৫ পয়েন্টে। ডিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি, কমেছে ১১৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৭০ কোটি ৪০ লাখ টাকার।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮১১ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৬২০ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ১৪৯ কোটি ৮১ লাখ ৯৪ হাজার টাকা।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক স্থিরতা ফিরে আসায় সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন ফান্ড বাজারে আসছে। এ কারণে মূল্য সূচক এবং লেনদেন তুলনামুলক বেড়েছে মনে করছেন বিশ্লেষকরা।
এছাগা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ তুলনামুলক বেড়েছে। এ ছাড়া স্টক ডিলার এবং মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফলিও থেকেও বিনিয়োগ আসছে। এরই ধারাবাহিকতায় লেনদেন পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধার‌ণ মূল্য সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬০ কোটি ২৯ লাখ টাকা।
বুধবার সিএসইতে লেনদেন হয় ৫০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকা।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]