অব্যাহত রাজনৈতিক সহিংসতা দেশের প্রধান রপ্তানি খাত পোশাকশিল্প হুমকির মুখে পড়েছে। এই শিল্পকে বাঁচানোর জন্য দ্রুত সমাধানে পৌঁছার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনগুলো। তা না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছে তারা।
বুধবার দুপুরে বিজিএমইএ, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বিজিএমইএ কার্যালয়ের সামনের রাস্তায় অর্ধশতাধিক সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।
মানবন্ধনে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম রাজনীতিকদের উদ্দেশ করে বলেছেন, ‘দেশের অর্থনীতি ও শিল্পকে বাঁচিয়ে আপনারা রাজনীতি করুন। বিরাজমান অচলাবস্থার নিরসন করুন। সেই সঙ্গে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।’
আতিকুল ইসলাম বলেন, ‘চলমান রাজনৈতিক সহিংসতায় ‘মেড ইন বাংলাদেশ’ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় পোশাক খাত ইমেজ সংকটে পড়েছে। যার কারণে দেশে আন্তর্জাতিক ব্যবসা হারানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে সংকটে পড়তে যাচ্ছি। ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করা হলেও তারা বলছে, আগে বাংলাদেশের সহিংসতার অবসান হোক।’
তিনি বলেন, ‘ক্রিসমাস শেষ হওয়ার পর বছরের শুরুতে নতুন নতুন রপ্তানির অর্ডারের সময় হলেও ক্রেতারা অর্ডার দেয়ার জন্য বাংলাদেশে আসতে পারছেন না। দিনের পর দিন অবরোধ-হরতাল দিয়ে দেশকে স্থবির করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে পোশাক শিল্পে ৩০ শতাংশ অর্ডার বাতিল হয়ে গেছে।’
আতিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় পোশাক শিল্পের সাপ্লাই চেইন ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজনীতিবিদদের কাছে ব্যবসায়ীরা আজ জিম্মি। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০১৩ সালের মতো আবারো ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হবে। ফলে এই শিল্প অন্যত্র স্থানান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে, যেমনটি ঘটেছিল শ্রীলঙ্কায়।’
পোশাক শিল্পে পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ দাবি করে তিনি বলেন, ‘জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। সহিংসতা বন্ধের ব্যবস্থা করুন। পরিস্থিতির সুষ্ঠু সমাধান করুন। তা না হলে আমরা রাস্তায় নামবো। আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না।’
দেশের চলমান হরতাল-অবরোধসহ রাজনৈতিক সকল প্রকার সহিংসতার প্রতিবাদে রপ্তানিকারক, ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন খাত, মালিক, বিমা কোম্পানিসহ অর্ধশতাধিক সংগঠন মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অন্য নেতারা বলেন, আমরা ব্যবসায়ী। আমরা ব্যবসা করতে চাই। আমরা এ চলমান সহিংসতা থেকে মুক্তি চাই। তা না হলে অর্থনৈতিকভাবে এদেশ ভেঙে পড়বে। অর্থনীতির চাকা সচল রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এর আগে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সারাদেশে সহিংসতায় হতাহতদের জন্য দোআ কামনা করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, এফবিসিসিআই সহ-সভাপতি হেলাল উদ্দীন, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, নাসির উদ্দীন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
জেআই





