পাটকল , গার্মেন্টসসহ সকল শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস ২৫ রমজানের মধ্যে প্রদান করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ।
আজ (২৮ মে) মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
স্কপের যুগ্ম-সমন্বয়কারী মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শাহ মোহাম্মদ আবু জাফর, আনোয়ার হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, সাইফুজ্জামান বাদশা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর ঈদ আসে শ্রমিকের জীবনে উৎকণ্ঠা নিয়ে। ঈদে বাড়ি যাওয়া, আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার আনন্দের চাইতেও তাঁরা দুশ্চিন্তায় থাকে বেতন ও বোনাস পাবে কিনা তা নিয়ে রাষ্ট্রায়াত্ত পাটকলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে ৯ দফা দাবীসহ তাদের বকেয়া বেতনের জন্য । ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকের প্রতিটি দিন কাটে এই উৎকণ্ঠায় যে, তাঁরা সময়মত বেতন বোনাস পাবে কিনা। যাদের শ্রমে দেশের অর্থনীতির চাকা ঘোরে তাদের সাথে এই আচরণ চরম দায়িত্বহীনতার পরিচায়ক।
সমাবেশে তারা বলেন, ঈদ কোন আকস্মিক বিষয় নয়। ফলে ঈদের আগে বেতন না দেয়াটা মালিকের অসৎ উদ্দেশ্য এবং সরকারের উদাসীনতার ফল।
শ্রমিকদের প্রাপ্য দিতে তালবাহানা করার ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে স্কপ নেতারা বলেন, আগামী ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করুন, যাতে শ্রমিকরা তাদের ঈদ উদযাপন এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার ব্যবস্থা করতে পারে। প্রতিবছর ঈদের সময় কিছু মালিক বেতন এবং বোনাস না দিয়ে জটিলতার সৃষ্টি করে উল্লেখ করে এ ব্যাপারে সজাগ থাকার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
এসএম/এমবি





