ব্যাংক খাতে সুদহার এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনাসহ খেলাপি ঋণ কমাতে কমিটি গঠন করা হচ্ছে।

রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান।

আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি সিদ্ধান্ত জানাবে। সে অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে সুদহার হ্রাস এবং খেলাপি ঋণ কমিয়ে আনার কার্যক্রম শুরু হবে।

অর্থমন্ত্রী বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার জন্য আজকের মধ্যেই একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। কমিটিতে সরকারি ও বেসরকারি ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের রাখা হবে।

তিনি বলেন, কীভাবে সুদের হার কমানো হবে, তার কৌশল ঠিক করে কমিটি আগামী ৭ দিনের মধ্যেই গভর্নরের কাছে প্রতিবেদন জমা দিবে।

অর্থমন্ত্রী বলেন, এই কমিটি কী কারণে খেলাপি ঋণ ও সুদ হার বাড়ে, তার কারণ খুঁজে বের করবে। এছাড়া কী পদক্ষেপ নিলে খেলাপি ঋণ কমানো যাবে তার সুপারিশ দেবে। বাংলাদেশ ব্যাংক সেই অনুসারে কাজ করবে।

সুপারিশগুলো বাস্তবায়ন করলে ৩১শে ডিসেম্বরের পর থেকে খেলাপি ঋণ ও ব্যাংক ঋণের সুদ হার কমবে বলেও আশা প্রকাশ করে তিনি।

এএস