দেশের পোশাক শিল্পে এখন কোনো শ্রমিক অসন্তোষ নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাছাড়া জিএসপি সুবিধা ফিরে পেতে যে শর্তারোপ করা হয়েছে বাংলাদেশ ইতোমধ্যে তা পূরণ করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, মালিক-শ্রমিক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কারো কোনো অভিযোগ নেই। তারা এখন আগের চেয়ে বেশি সচেতন ও আন্তরিক বলে মনে করেন তিনি। তবে পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জিএসপি ফিরে পেতে যে  শর্ত আরোপ করা হয়েছে বাংলাদেশ তা  প্রায় পূরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এদেশের বাস্তব অবস্থা পর্যালোচনা করে জিএসপি সুবিধা স্থগিতাদেশ প্রত্যাহার করবে বলে বিশ্বাস করেন তিনি। কারণ দেখিয়ে তিনি বলেন, শিল্প-কারখানায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন, আইএলও, অ্যাকর্ড, অ্যালায়েন্স  সবাই বাংলাদেশের গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]