চাঙ্গাভাবে পার করলো দেশের পুঁজিবাজার। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে দেশের উভয় বাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির দর।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ডিএসইতে ৬৪৬ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছিল
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন এ কোম্পানির ৩২ লাখ ৬৩ হাজার ৪০০টি শেয়ার ৮৮ কোটি ৩৭ লাখ ১ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট ও লিনডে বিডির উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার লেনদেন হয়েছে।
বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৬৯৪ পয়েন্টে। এদিন লেনদেন হয় ৫৪৭ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকা।
অনেকদিন পর দেশের উভয় পুঁজিবাজারের লেনদেনে চাঙ্গাভাব ফিরেছে। গত ছয় কার্যদিবস ধরে মূল্য সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও লেনদেন ছিল হতাশাব্যঞ্জক। তবে বৃহস্পতিবার গ্রামীণফোনসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানির শেয়ার দর ও লেনদেন বেড়ে যাওয়ায় সার্বিক লেনদেনে তা ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৯২ লাখ টাকা। বুধবার সিএসইতে লেনদেন হয় ৩২ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে বৃহস্পতিবার সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৮২ লাখ টাকা।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]