প্রবাসী আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ২০ অনাবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এক অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে সিআইপি কার্ড তুলে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এর মধ্যে ২০১১ সালে অবদানের জন্য ১০ জন ও ২০১২ সালের জন্য ১০ জন সম্মাননা পেয়েছেন।
সিআইপি কার্ডধারী অনাবাসী বাংলাদেশিরা আগামী এক বছর সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এটি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন।
তাদের ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার থাকবে। ব্যবসার কাজে বিদেশ ভ্রমনের ক্ষেত্রে ভিসা পেতে তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দূতাবাসে ‘লেটার অব ইনট্রুডাকশন’দেয়া হবে।
এছাড়া তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য হাসপাতালের কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে। কার্ডধারীরা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধাও পাবেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী দেশের ষড়যন্ত্র ও কিছুটা অপরাধ প্রবণতা বিদেশে প্রবাসীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে।
অভিবাসন ব্যয় কমিয়ে আনার কথা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, কেউ বিদেশে যেতে চাইলে তাকে দালালের হাতে জিম্মি হতে হয়, ৫ জায়গায় অর্থ দিতে হয়। অভিবাসন ব্যয়সহ এ খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, জনশক্তি উন্নয়ন ও কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহারসহ সম্মাননা প্রাপ্তদের মধ্যে কয়েকজন এসময় বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]