দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ক্রমাগত বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ। সোমবার একটানা ষষ্ঠদিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।  টাকার অংকে লেনদেন হয়েছে ৭৯০ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকা। যা বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এ দিন এ কোম্পানির ১৮ লাখ ৪৪ হাজার ২০টি শেয়ার ৫২ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।

রোববার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৩০ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৭৬৩ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার লেনদেন বেড়েছে ২৬ কোটি ২৮ লাখ ১৯ হাজার টাকা।

প্রাতিষ্ঠানিক ও বড় পুঁজির বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বাড়লেও লেনদেন কমেছে। সোমবার সিএসইর সাধারণ মূল্য সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫ লাখ টাকা।

রোববার সিএসইতে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর