মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার (২ জুন) তেলের দাম ১ শতাংশের বেশি পড়ে যায়। আর অপরিশোধিত তেলের দাম কমে ৫০ ডলারে নেমে আসে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের দাম নেমে আসে ৪৭ দশমিক ৭৪ ডলারে। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে তেলের দাম কমল প্রায় ৪ শতাংশ।

রয়টার্স এক খবরে জানিয়েছে, কিছুদিন আগে উত্তোলন কমানোর চুক্তির মেয়াদ ৯ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এরপরও কমতে থাকে দাম। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, চুক্তির মেয়াদ ১২ মাস পর্যন্ত বাড়াবে ওপেক।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই সংবাদে ব্যাপক ধস নামে আন্তর্জাতিক তেলের বাজারে।

প্যারিস জলবায়ু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কিছুটা টানাপোড়েনে ছিলেন বিনিয়োগকারীরা। এ চুক্তি থেকে সরে গেলে, যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের উত্তোলন বাড়াবে বলে আশঙ্কা করছেন তারা।

এ আশঙ্কাই উসকে দিয়ে সরে দাড়ানোর বিষয়ে সাফ জানিয়ে দিলেন ট্রাম্প। ফলে কমেই যাচ্ছে তেলের দাম।

এমবি